দুই ভিন্ন সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়ে প্রবাসী বাঙালিদের মাতাবেন তিনি।
রবিবার সকালে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন সাবিনা ইয়াসমীন।
সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ১১ অক্টোবর লন্ডনে। এরপর ১৫ অক্টোবর স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।
১০ অক্টোবর পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হচ্ছে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে মেফেয়ার ভেন্যুতে গান শোনাবেন সাবিনা ইয়াসমীন।
নিজের এবারের সফর প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন জানান, যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের কাছে লন্ডন বাংলা বইমেলা একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসী নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
গত বছর প্রথমবার এই উৎসবে গান করেছিলেন সাবিনা ইয়াসমীন। এবারও একই আয়োজনে গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।
লন্ডনের অনুষ্ঠান শেষে ১৫ অক্টোবর স্কটল্যান্ডের আয়োজনে অংশ নেবেন এই শিল্পী। এরপর ১৮ অক্টোবর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
সাবিনা ইয়াসমীন আশা প্রকাশ করেছেন, এবারের আয়োজনগুলোতেও প্রবাসী দর্শক-শ্রোতাদের ভালোবাসা পাবেন এবং সবার মন জয় করেই দেশে ফিরবেন।
এদিকে ১১ অক্টোবর লন্ডনের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠান শেষে ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।