বাংলাদেশ এখন এমন এক অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, অন্য দেশের স্বার্থে ব্যবহৃত ‘দাবার বোর্ড’ হতে চায় না বাংলাদেশ; বরং নিজেদের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত। তবে দেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।
উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশকে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে নিয়ে দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নতুন উৎস ও ক্ষেত্রের দিকে নজর দিচ্ছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি সম্ভাবনাও অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুতের দিকে গুরুত্ব দিয়ে নাগরিকদের জ্বালানি ক্ষেত্রে আরও স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।
তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান ধরে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের পথ তৈরি করতে বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
‘ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি, ভূরাজনীতি, প্রযুক্তি, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে।