মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ বরাদ্দের কথা জানানো হয়। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে এ অর্থ ছাড় করা হবে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদানের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে।
ছাড় করা অর্থ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয় থেকে উত্তোলন করবে। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দের অথোরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বরাদ্দের অর্থ মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মৃতদেহ পরিবহন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায় নিতে হবে।
এ ছাড়া ৩০ জুন ২০২৭-এর পর কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আদেশে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।