সাইবার অপরাধে এবার পুলিশের ‘অলআউট’ প্রস্তুতি, আসছে নতুন ইউনিট

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

2026-09-26T15:30:04+00:00
2026-09-26T15:30:04+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সাইবার অপরাধে এবার পুলিশের ‘অলআউট’ প্রস্তুতি, আসছে নতুন ইউনিট
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
পুলিশ সপ্তাহ ২০২৬ এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির প্রয়োজনীয় পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে। সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা থাকবে মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে। থানা ও জেলা পর্যায়ে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা রাখা হবে।

তিনি জানান, নতুন ইউনিট গঠনের প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। জটিল ও বড় ধরনের সাইবার অপরাধ কেন্দ্রীয় পর্যায়ে মোকাবিলা করা হবে। আর থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ ও তদন্ত করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি ও প্রযুক্তিনির্ভর অপরাধ বাড়ছে। এসব অপরাধ মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, তথ্য ও তদন্ত কৌশল ব্যবহার জরুরি।

পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হয়। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করে দ্রুত সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশের রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অনেক সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। এখন পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। একই সঙ্গে যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: