বাংলাদেশের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জাতিসংঘের সহযোগিতা আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় এবং ভবিষ্যতেও সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতিসংঘের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিক্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। ইউএনডিপির পক্ষ থেকেও বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, সরকারের ভবিষ্যৎ কর্মকৌশল এবং জনআকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের প্রয়োজনীয়তা এবং প্রাতিষ্ঠানিক রিফর্ম নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।
ইউএনডিপি বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।