বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন অঙ্গনের তারকাদের নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। এবারের আয়োজন ঘিরে এরই মধ্যে তারকাদের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা ও সংগীতের আয়োজন।
এবারের আসরে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, নিরব, তমা মির্জা, শিরীন শিলা, স্পর্শিয়া, দীঘি, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, এস আই টুটুলসহ আরও অনেকে।
‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। নেপথ্যে থেকে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। আয়োজনে আরও সহযোগিতা করছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।
এবার প্রথমবারের মতো ঢালিউড অ্যাওয়ার্ড উপস্থাপনা করতে যাচ্ছেন শারমিনা সিরাজ সোনিয়া। তিনি জানান, অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও পারফরম্যান্সেও অংশ নেবেন। অন্য শিল্পীদের অংশগ্রহণের বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। তবে কারা সম্মাননা পাবেন, তা অনুষ্ঠানেই ঘোষণা করা হবে।
ঢালিউড অ্যাওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। তিনি জানান, ‘মনপুরা’ মুক্তির পর ২০১০ সালে প্রথম এই আয়োজনে অংশ নেন তিনি। এরপর আরও কয়েকবার ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এবারের আয়োজনের জন্যও শুভকামনা জানিয়েছেন এই অভিনেতা।
অভিনেত্রী স্পর্শিয়াও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তার আত্মীয় থাকায় নিয়মিত যাতায়াত হয়। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন তিনি। আবারও এই আয়োজনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে বর্তমানে কানাডায় অবস্থান করছেন অভিনেত্রী শিরীন শিলা। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংগীতশিল্পী রিজিয়া পারভীনও ঢালিউড অ্যাওয়ার্ডের পুরোনো অংশগ্রহণকারী। এবারও মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। তার ভাষায়, আগের মতো এবারও গান দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে এবারের আয়োজনের অন্যতম আলোচিত উপস্থিতি হতে যাচ্ছেন শাকিব খান। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। দীর্ঘ বিরতির পর নিউইয়র্কের এবারের আয়োজনে তার অংশগ্রহণকে ঘিরে তাই দর্শক-ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।