
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচটিকেই জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ, সারা জীবনের জন্য একটি জার্সি।’ তাঁর এই বার্তার পরই বিশেষ জার্সিটি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নতুন জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের ছাপ থাকলেও নকশায় রয়েছে বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য। জার্সির মূল অংশে আকাশি রঙের প্রাধান্য, সঙ্গে মাঝখানে রাখা হয়েছে সাদা উল্লম্ব স্ট্রাইপ।
তবে সবচেয়ে বিশেষ সংযোজন থাকছে জার্সির পেছনে। সেখানে মেসির নাম ও তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নম্বর সোনালি রঙে লেখা থাকবে। পাশাপাশি পেছনের অংশে রাখা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’ বা ‘সূর্য মে’-এর নকশা।
দীর্ঘ জাতীয় দল ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ জার্সির আয়োজন। আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে কাতার বিশ্বকাপজয়ী দলের সতীর্থদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসি এই দুই ম্যাচে থাকবেন না।
এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। ফলে ম্যাচটির সঙ্গে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি আবেগঘন অধ্যায়ের সমাপ্তিও জড়িয়ে আছে।