সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশ অনুযায়ী নতুন বেতন স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে। তবে নতুন বেতন কাঠামোর পুরো বর্ধিত অর্থ একসঙ্গে পরিশোধ করা হবে না।
আদেশ অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্য বেতনের সঙ্গে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৯ম গ্রেড ও তদূর্ধ্বের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ যোগ করে দেওয়া হবে।
এই হারে বর্ধিত অর্থ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে প্রজ্ঞাপনে নির্ধারিত বিধান অনুযায়ী অবশিষ্ট বর্ধিত বেতন পরিশোধ করা হবে।
‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অন্যান্য বিধান অনুসারে বেতন নির্ধারণ ও পরবর্তী অর্থ পরিশোধের কার্যক্রম পরিচালিত হবে।
প্রজ্ঞাপনটি এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬ হিসেবে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।