সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে বিভিন্ন গ্রেডের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতনও নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আগে এসব পদে মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা।
অন্যদিকে সিনিয়র সচিব ও সমমর্যাদার পদে নতুন মূল বেতন হবে ১ লাখ ৬৪ হাজার টাকা। আগে এই পদে মূল বেতন ছিল ৮২ হাজার টাকা।
গ্রেড-১ থেকে গ্রেড-১০
নতুন বেতন কাঠামোয় গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।
গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া গ্রেড-৫-এ মূল বেতন ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা, গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা, গ্রেড-৯-এ ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা করা হয়েছে।
গ্রেড-১১ থেকে গ্রেড-২০
গ্রেড-১১-এর প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে।
গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১৬-এ মূল বেতন ৯ হাজার ৩০০ থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-১২ থেকে গ্রেড-২০ পর্যন্ত বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।
নতুন এই বেতন কাঠামোর মাধ্যমে ২০টি গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।