বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানি ব্যবহারে দেশের সব জেলা পরিষদকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে জেলা পরিষদের বিভিন্ন স্থাপনায় এ ব্যবস্থা চালুর কাজ শেষ করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতে জারি করা চিঠিটি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ের দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। এর আওতায় রয়েছে জেলা পরিষদ ভবন, অডিটরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ অন্যান্য স্থাপনা।
প্রতিটি স্থাপনায় কমপক্ষে দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কিংবা রাজস্ব তহবিলের অর্থ ব্যবহার করা যাবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ দিয়ে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জেলা পরিষদগুলোর নিজস্ব রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণে উদ্যোগ নিতে বলা হয়েছে।
অন্যদিকে, যেসব জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, তারা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির গাইডলাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করবে।
এ ছাড়া সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যেই সব স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে।