রাজধানীর আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট (PQC) ও ড্রেইনেজ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে পরিদর্শনকালে তিনি রিজিড পেভমেন্ট, ড্রেইনেজ, রোড আইল্যান্ডসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নির্মাণ অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় নির্মাণকাজের গুণগত মান, কর্মপরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও খোঁজ নেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজ শেষ হয়েছে। গত এপ্রিল থেকে এ এলাকায় রিজিড পেভমেন্ট নির্মাণকাজ শুরু হয়।
পরিদর্শনকালে সচিব সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ড্রেইনেজ ও রোড আইল্যান্ড নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্ট। এ এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও চলমান নির্মাণকাজ দ্রুত শেষ হলে যানবাহন চলাচল আরও নির্বিঘ্ন হবে।
তিনি বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ রয়েছে। ফলে নগর পরিবহন ব্যবস্থায় এ এলাকার গুরুত্ব অনেক।
পরিদর্শনকালে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।