কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে শুকনো রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন থেকে এসব পরিবারের মধ্যে প্রয়োজনীয় শুকনো রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনের নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।