চট্টগ্রামের পটিয়ায় তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে রিকশায় তুলে অন্যদিকে নিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহজাহান বেগম (৪০)। শাহজাহান বাদামতল এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে ফারুক ও শাহজাহান তাকে রিকশায় তোলেন।
তবে বাড়ির সামনে না নামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশু ইকরা চিৎকার শুরু করে। শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রিকশাটির পিছু নেন। পরে ধাওয়া করে রিকশাসহ দুজনকে আটক করেন তাঁরা।
শিশুটির বাবা শাহনেওয়াজ মামুন বলেন, মেয়েকে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসেন। পরে সবার সহযোগিতায় দুজনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছেলেধরা অভিযোগে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।