জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনার পাইকগাছায় বসতি ও কৃষিজমিতে বাড়তে থাকা লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সৃজন প্রজেক্টের আওতায় এ বৈঠক হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব এবং এর ফলে বসতি ও কৃষিজমিতে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি লবণাক্ত পানির অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর উদ্যোগ, কৃষি ও বসতি রক্ষায় করণীয় এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানো এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএম রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, নেটজ বাংলাদেশের প্রতিনিধি আমিনুল ইসলাম ও জাকির হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন কয়রা পানি কমিটির এসএম শাহাবুদ্দিন, মহেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক শাহ নেওয়াজ শিকারী, সোনাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং ভুক্তভোগী নাগরিক সমাজের প্রতিনিধি মনজুরা বেগম।
বৈঠকটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থা, সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং অগ্রগতি সংস্থা পাইকগাছার সৃজন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।
গোলটেবিল বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।