ডিজেল যুগ শেষ, নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুরে বৈদ্যুতিক ট্রেন!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আর ডিজেলের ধোঁয়া নয়—ছুটবে বিদ্যুতের ট্রেন! রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুরের যোগাযোগে আসছে বড় পরিবর্তন। ২০৩০ সালের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে

2026-09-15T15:40:03+00:00
2026-09-15T15:40:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিজেল যুগ শেষ, নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুরে বৈদ্যুতিক ট্রেন!
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
সংগৃহীত ছবি
আর ডিজেলের ধোঁয়া নয়—ছুটবে বিদ্যুতের ট্রেন! রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুরের যোগাযোগে আসছে বড় পরিবর্তন। ২০৩০ সালের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক ট্রেন। এতে একদিকে যাতায়াতের সময় কমবে অর্ধেকেরও বেশি, অন্যদিকে কমবে পরিচালন ব্যয়, জ্বালানি খরচ ও পরিবেশদূষণ।

এ-সংক্রান্ত প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। বুধবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে শিল্পঘন নারায়ণগঞ্জ ও গাজীপুরের যোগাযোগ আরও দ্রুত ও সাশ্রয়ী হবে। যানজটপূর্ণ এ তিন অঞ্চলের সড়ক পরিবহনের ওপর চাপ কমাতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী, বর্তমানে ডিজেলচালিত ইঞ্জিনের কারণে ট্রেনগুলো কাঙ্ক্ষিত গতিতে চলতে পারছে না। একই কারণে যাত্রী চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রিপ পরিচালনাও সম্ভব হচ্ছে না। বৈদ্যুতিক ট্রেন চালু হলে এ সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে।

প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে প্রায় ৪০ শতাংশ। পাশাপাশি পরিচালন ব্যয় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। কমবে কার্বন নিঃসরণও—প্রায় ২০ থেকে ৩০ শতাংশ।

বৈদ্যুতিক ট্রেন দ্রুত গতি তুলতে ও দ্রুত থামতে সক্ষম হওয়ায় স্টেশনে বিরতির পর অল্প সময়েই সর্বোচ্চ গতিতে পৌঁছানো সম্ভব হবে। ফলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাতায়াতের সময় অর্ধেকেরও বেশি কমে আসতে পারে বলে প্রকল্প প্রস্তাবে আশা প্রকাশ করা হয়েছে।

প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ‘ওভারহেড ওয়্যার’ স্থাপন করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন স্থানে নির্মাণ করা হবে ট্রাকশন সাবস্টেশন। একই সঙ্গে আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন, বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে প্রায় ২ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ সহায়তা নেওয়ার কথা রয়েছে। বাকি অর্থ সরকারের নিজস্ব অর্থায়নে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডিপিপি অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেন চালুর মাধ্যমে রেলের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ দূষণও কমবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩ হাজার ৯৩ কিলোমিটার নেটওয়ার্কে ডিজেলচালিত ট্রেন চলাচল করছে।

পরিবহন বিশেষজ্ঞ ও রেলওয়ের কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক ট্রেনে প্রাথমিক বিনিয়োগ বেশি হলেও দীর্ঘমেয়াদে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কম। একই সঙ্গে এটি দ্রুত, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটেও এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: