
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো ধরনের যোগাযোগ বা আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘আমি দেশবাসীকে জানাতে চাই, ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার কিছুই জানে না। এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগও হয়নি, অন্য কোনো মাধ্যমেও আলোচনা হয়নি।’
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও প্রয়োজনীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষিত সম্ভাব্য তারিখের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
প্রতিমন্ত্রীর ভাষায়, ‘নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের কোনো পূর্বধারণা নেই। সরকার এ ব্যাপারে কিছুই জানে না।’