সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো এক লিখিত আবেদনে তিনি এ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে একটি আপত্তিকর ও মানহানিকর স্ট্যাটাস দেন। সেখানে তাকে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানার অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তা হিসেবে ডিএজির এমন বক্তব্য শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তাকে অপমানিত করেনি, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।
আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।
তবে অভিযোগের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।