সাকিবের মাগুরার বাড়িতে হঠাৎ সংস্কার, দেশে ফেরা নিয়ে বাড়ছে জল্পনা

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

হামলা-ভাঙচুরের ঘটনার এক মাস পর নতুন করে সংস্কারকাজ শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব

2026-09-14T17:35:17+00:00
2026-09-14T17:35:17+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সাকিবের মাগুরার বাড়িতে হঠাৎ সংস্কার, দেশে ফেরা নিয়ে বাড়ছে জল্পনা
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
হামলা-ভাঙচুরের ঘটনার এক মাস পর নতুন করে সংস্কারকাজ শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে। কেশব মোড় এলাকার দোতলা ভবনটির বাইরের অংশে কয়েক দিন ধরে রঙের কাজ করছেন শ্রমিকরা। বাড়িতে হঠাৎ সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল; পাশাপাশি সাকিব দেশে ফিরছেন কি না, তা নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা।

তবে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাড়িটির বাইরের অংশে রঙের কাজ চলছে। এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে সেখানে দেখা যায়নি।

সংস্কারকাজে থাকা শ্রমিকরা জানান, তারা শুধু ভবনের সংস্কারকাজ করছেন। সাকিব দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে তার পরিবারের কেউ আসবেন কি না—এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই। রঙের কাজ শেষ হলে হামলা-ভাঙচুরের সময় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের ভাঙা কাচ ও জানালার কিছু অংশও মেরামত করা হতে পারে বলে জানান তারা।

গত ৬ আগস্ট রাতে সাকিবের মাগুরার বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপও করে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

এর প্রায় এক মাস পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হলো।

দেশে ফেরা নিয়ে নানা আলোচনা

এদিকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন বক্তব্য ও পোস্ট ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে সাকিব আল হাসানও দেশে ফিরবেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায়ও তার নাম আসামির তালিকায় রয়েছে।

২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। সেখানে সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

তবে মাগুরার বাড়িতে শুরু হওয়া বর্তমান সংস্কারকাজের সঙ্গে তার দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: