বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।
নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন নাহিদ।
তিনি বলেন, একদিকে আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এ দুই পক্ষের এমন আচরণে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।