ইউরোপের বিশাল বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইলের সম্ভাবনা তুলে ধরতে ইতালির মিলানে বসেছে আন্তর্জাতিক সোর্সিং মেলা ‘Ready to Show’। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজনে তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াখাতের ১৪টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ইউরোপের বায়ার ও বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সামনে নিজেদের পণ্য ও সক্ষমতা তুলে ধরে নতুন রপ্তানি বাজার তৈরির লক্ষ্যেই বাংলাদেশের এ অংশগ্রহণ।
শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াখাতের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিচ্ছে।
‘Ready to Show’ বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, চামড়াজাত পণ্য উৎপাদক, প্রযুক্তি উদ্ভাবক, খুচরা বিক্রেতা, বায়ার, ব্র্যান্ড, ডিজাইনারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ইতালির মিলানে আয়োজিত এ মেলা মূলত একটি পেশাদার বিজনেস-টু-বিজনেস (B2B) বাণিজ্যিক প্রদর্শনী।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণকে দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণের পাশাপাশি ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রচারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বায়ারদের আকৃষ্ট করা এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাও এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো—রাইনো এপারেলস, ফোকাস এপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।
বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে ইউরোপের বড় বাজারে দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি নতুন ব্যবসায়িক সংযোগ ও রপ্তানি সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।