
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তৃতীয়বারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন আগের চেয়ে ২ হাজার ১৫৮ টাকা কম লাগবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দর কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্ধারিত দরে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫১৬ টাকা। এই মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্তভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় দফায় দাম কমানো হলো।