দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সর্বশেষ নির্ধারিত দামের তুলনায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২০২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়। এর আগে গত বৃহস্পতিবার নির্ধারিত দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৫৯৪ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৫৫ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ৫১৯ টাকায়।
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম রাখা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।
বাজুস জানিয়েছে, গয়না তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
সংগঠনটির নির্ধারিত নিয়ম অনুযায়ী সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য সমন্বয় করে গয়না কেনা বা পরিবর্তনের প্রক্রিয়া চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।