সরকারের ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরাসরি রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, গ্যাস-তেল-জ্বালানি সংকটে নাকাল দেশের সাধারণ মানুষ, অথচ সংকট সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েও সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি কটাক্ষ করে বলেছেন, ‘বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে সরকার ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জ্বালানি সংকট সমাধানে সহযোগিতা করতে তাঁদের একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম রয়েছে। ওই টিমকে সরকারের সঙ্গে যুক্ত করে কাজ করার প্রস্তাব দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমরা এর সমাধানে অংশ নিতে চাই। আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা সেই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি।’
সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির আরও বলেন, ‘সব ক্রেডিট আপনারা নেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।’
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, অশান্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ভালো নেই। তাঁর ভাষায়, ‘এ বাংলাদেশ ভালো নেই।’
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দিনের কাজ শেষে মানুষ ঘরে ফিরলেও সেখানে বিদ্যুৎ থাকে না। এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’
এর আগে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যান ডা. শফিকুর রহমান।
সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।