প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগ করে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে। তার দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের একটি অংশের ভূমিকা রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগ থাকতে পারে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে।
তিনি বলেন, জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের মিছিলের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ এ ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন তিনি।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।