বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের সামাজিক মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তার দাবি, বর্তমানে দেশে নুসরাত ও তনু হত্যার মতো ঘটনা নেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর তার সন্তান তারেক রহমান স্নাতক পর্যন্ত তা কার্যকর করার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অপকর্ম মুছে দিতে বিএনপি সরকার কাজ করবে।
বিএনপির এই নেতা বলেন, অতীতে রাজপথের আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের গৌরবজনক ভূমিকা ছিল। আফরোজা আব্বাস ও সুলতানা আহমাদসহ দলের অনেক নেত্রী বিভিন্ন সময়ে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নারী হত্যা ও ধর্ষণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
রিজভীর দাবি, ‘এখন সে ধরনের পরিস্থিতি নেই। সমাজে নুসরাত-তনু হত্যার মতো কোনো ঘটনা নেই। এটিই বর্তমান সরকারের সফলতা।’
আগামী দিনেও সরকারের কর্মকাণ্ড সফল করতে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ, হেলেন জেরিন খান, শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।