
দেশের অগ্রযাত্রাকে স্থায়ী রূপ দিতে রাজনীতিতে সৎ, মেধাবী ও যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের জন্য দক্ষ ও ভালো রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে না পারলে উন্নয়ন নিয়ে যত স্বপ্নই দেখা হোক, তার সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হলে নেতৃত্বের জায়গায় যোগ্য মানুষকে নিয়ে আসার বিকল্প নেই। তাঁর মতে, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে তরুণ প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রেও। মেধাবী ও সম্ভাবনাময় অনেক তরুণ রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে যে আস্থার জায়গা ছিল, সেখানে এখন অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনৈতিক পরিবারের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী হচ্ছেন না। এই পরিস্থিতি বদলাতে রাজনীতিকে নতুন প্রজন্মের যোগ্য ও সৎ মানুষের জন্য আরও উন্মুক্ত করার প্রয়োজন রয়েছে।
রাজনীতির গুরুত্ব বোঝাতে একটি উদাহরণ দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, রান্নার উপকরণ যত ভালোই হোক, দক্ষ বাবুর্চি ছাড়া তা থেকে কাঙ্ক্ষিত খাবার তৈরি করা যায় না। একইভাবে দেশের সম্পদ ও সম্ভাবনা থাকলেও যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই পর্যায়ে নেওয়া সম্ভব নয়।
বরিশালের ঐতিহ্য ও দেশের বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের অবদানের কথাও তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খেলাধুলা, রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গনে বরিশালের মানুষের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত এ অঞ্চল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং তাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
বরিশালকে একটি আধুনিক ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলতে নতুন নেতৃত্ব তৈরির ওপর জোর দেন আন্দালিভ রহমান। তিনি বলেন, শুধু বরিশাল নয়, আশপাশের জেলা ও নির্বাচনী এলাকাগুলো থেকেও মেধাবী এবং ভালো তরুণ-তরুণীদের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিতে হবে।
তাঁর ভাষ্য, রাজনীতিতে যোগ্য মানুষের অংশগ্রহণ যত বাড়বে, নেতৃত্বের সংকট কাটিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ ততই সুদৃঢ় হবে।