আন্তর্জাতিক জ্বালানি সংকট ও পারস্য উপসাগরে অস্থিরতার মধ্যেও দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজন অনুযায়ী প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রিজভী বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকট এবং পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের দুর্ভোগ ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
তিনি বলেন, মহেশখালীর গভীর সমুদ্র টার্মিনালের প্রযুক্তিগত ত্রুটি মেরামতের পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক করা হয়েছে। সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
দেশের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, সরকারের বাজার হস্তক্ষেপের কারণে বর্ষা ও শরৎ মৌসুমেও খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে এবং আগস্টে মূল্যস্ফীতি কমেছে।
রিজভী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা, ২০ হাজার কিলোমিটার রাস্তা হালনাগাদ এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর মতো উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরির চেষ্টা চলছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের প্রধান সুবিধাভোগী হিসেবে পরিবারের নারী অভিভাবককে রাখা হয়েছে। তাঁর ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমান সরকার তা ডিগ্রি ও ডিগ্রি (অনার্স) পর্যন্ত সম্প্রসারণ করেছে।
রিজভী বলেন, ৪৮ বছর আগে নারীদের ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।