সরকারি নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, ‘বিএনপি কোটায়’ চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে সরকারি নিয়োগের মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ বাড়ানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির গত ছয় মাসের কার্যক্রমে তারা সন্তুষ্ট নন। তার অভিযোগ, সরকার ধীরে ধীরে আগের রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতি হচ্ছে।
তিনি বলেন, ‘ভাইভাতে ৪০০ শতাংশ মার্কস বাড়িয়েছে, যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়।’
এসব কর্মকাণ্ডকে ‘পুরোনো কায়দা’ হিসেবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, বিএনপিকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দলটির বিরুদ্ধে তাদের যৌক্তিক সমালোচনা অব্যাহত থাকবে এবং রাজপথের কর্মসূচিও আরও জোরালো হতে পারে।
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। তবে বিএনপির ক্ষেত্রে চাঁদাবাজি, জমি দখল, মানুষের ওপর জুলুম কিংবা থানায় প্রভাব বিস্তারের মতো কোনো ঘটনা ঘটলে তারা সেগুলোর সমালোচনা করবেন।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দলীয় কার্যালয় থেকে পরিচালনার চেষ্টা করা হলে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না। বিএনপিকে ‘পুরোনো চরিত্র, অভ্যস্ততা ও মনস্তত্ত্ব’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে।
সারজিস আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে।
এ সময় নতুন পে-স্কেল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সরকারি কর্মচারীদের জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি দায়িত্বশীল ও পেশাদার হওয়ার আহ্বান জানান।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সারজিস বলেন, জনগণের করের টাকায় তাদের বেতন দেওয়া হয়। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারত্ব দেখাতে হবে। দুর্নীতি বা অর্থের বিনিময়ে সরকারি সেবা দেওয়ার মতো ঘটনা ঘটলে ভবিষ্যতে জনগণ এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।