‘মহাগুরু’র সঙ্গে দেখা, উচ্ছ্বাসে ভাসলেন রূপম

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলা রকসংগীতের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম এবার এক মঞ্চে গাইতে যাচ্ছেন। একই কনসার্টে অংশ

2026-09-11T16:31:21+00:00
2026-09-11T16:31:21+00:00
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘মহাগুরু’র সঙ্গে দেখা, উচ্ছ্বাসে ভাসলেন রূপম
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা রকসংগীতের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম এবার এক মঞ্চে গাইতে যাচ্ছেন। একই কনসার্টে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন দুই বাংলার এই দুই রক তারকা।

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে তাদের যৌথ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিডনিতে দেখা হয়েছে জেমস ও রূপমের। সেই সাক্ষাতের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রূপম ইসলাম।

জেমসের সঙ্গে দেখা হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে নিজের ‘গুরু’ হিসেবে উল্লেখ করেন রূপম। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীর সঙ্গে দেখা হওয়ায় তাঁর কথায় ছিল মুগ্ধতা ও শ্রদ্ধা। সাক্ষাতের ভিডিওতে দুই শিল্পীকে হাসি-ঠাট্টা ও খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায়।

সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে রূপম লেখেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দ্যাখা হল। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?’

ভিডিও বার্তার শুরুতে জেমসের পাশে দাঁড়িয়ে রূপম বলেন, তাঁর পাশে দাঁড়িয়ে আছেন ‘মহাগুরু’। ছোটবেলা থেকে জেমসের গান শোনার স্মৃতিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, জেমসের গান শুধু তাঁর নিজের প্রজন্ম নয়, বরং একটি দেশ, একটি প্রজন্ম ও একটি ভাষার সংগীতজগৎকে প্রভাবিত করেছে।

জেমসের সঙ্গে একই মঞ্চে গান করার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করে রূপম বলেন, তাঁর পাশে দাঁড়িয়ে কনসার্ট করা সবসময়ই আলাদা অনুভূতির।

এ সময় দীর্ঘ বিরতির পর দেখা হওয়ার প্রসঙ্গ তোলেন জেমস। রূপমের সঙ্গে সর্বশেষ দেখা হওয়ার পর প্রায় ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে কি না, তা নিয়ে দুজনের মধ্যে হাস্যরসও হয়।

কথার একপর্যায়ে ঢাকায় একসঙ্গে ঘোরার পুরোনো একটি প্রসঙ্গ সামনে আনেন রূপম। তিনি জানান, একসময় জেমস তাঁকে বলেছিলেন, রূপম ঢাকায় এলে যেন তাঁকে জানান। এরপর নিজের গাড়িতে করে ঢাকায় ঘুরিয়ে দেখাবেন বলেও কথা দিয়েছিলেন জেমস। তবে সেই ঘোরাঘুরি এখনো হয়ে ওঠেনি।

মজার ছলে রূপম বলেন, জেমসকে নাকি সহজে পাওয়া যায় না। তাঁর ভাষায়, ‘আত্মগোপন করে মানুষ থাকেন তো। পাওয়া-ই যায় না...’

জবাবে জেমস বলেন, এবার সময় পাওয়া যাচ্ছে; কথা হবে এবং ঘোরাও হবে। এ সময় দুজনের কথোপকথনে ফুটে ওঠে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের উষ্ণতা।

জেমসের হাসি নিয়েও মজা করেন রূপম। তিনি বলেন, এটি যেন একটি রেকর্ড। প্রচলিত ধারণা অনুযায়ী জেমস খুব একটা হাসেন না—তবে রূপমকে দেখে তাঁর হাসি যেন থামছেই না।

সাক্ষাতের শেষদিকে জেমসের কাছে আশীর্বাদও চান রূপম ইসলাম। দীর্ঘদিন পর দুই শিল্পীর এই পুনর্মিলনকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এবার সিডনির একই মঞ্চে তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দুই বাংলার সংগীতপ্রেমীরা।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: