
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থার বিষয়টি পুনঃস্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ ও জাকাতব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের ব্যক্তিগত আমল-আখলাক ও নৈতিক চরিত্র উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এসব দাবি তুলে ধরেন মুজিবুর রহমান। সংসদে নামাজের জন্য নির্ধারিত বিরতিগুলো যথাযথভাবে পালনের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
মুজিবুর রহমান বলেন, দেশের সংবিধানে একসময় আল্লাহর প্রতি ইমান ও আস্থার বিষয়টি ছিল, পরে সেটি বাদ দেওয়া হয়। দেশের অধিকাংশ মানুষ মুসলিম- এ কথা উল্লেখ করে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির বিষয়টি তুলে ধরেন।
তার মতে, রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত সালাত প্রতিষ্ঠা ও জাকাতব্যবস্থা কার্যকর করা। এর মাধ্যমে সমাজের ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলার পাশাপাশি মানুষের নৈতিকতা ও জবাবদিহি আরও শক্তিশালী করা সম্ভব বলে মনে করেন তিনি।
মুজিবুর রহমানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালন প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে ধর্ম পালনে বাধ্য করা যায় না।
স্পিকার বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং ধর্মীয় বিধান অনুযায়ী আমল ও তার পরিণতির বিষয়টি ব্যক্তির বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। তাই প্রত্যেকের নিজস্ব বিশ্বাস ও স্বাধীনতার প্রতি সম্মান রাখা প্রয়োজন।
তবে মুজিবুর রহমানের বক্তব্যে প্রকাশিত ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী আল্লাহর বিধান মেনে চলবেন।