বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধর দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় এই মুহূর্তে কারামুক্ত হতে পারছেন না তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় তাঁর জামিনের আদেশ দেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছিল। ওই দুই মামলায় রুল জারি করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তবে অন্য মামলাগুলো চলমান থাকায় জামিনের এ আদেশের পরও তাঁর কারামুক্তির সুযোগ নেই বলে জানান তাঁর আইনজীবী।
এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।
ঘটনার পর পুলিশ একাধিক মামলা করে এবং এসব মামলায় প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়।