সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শপথ গ্রহণের দিন থেকেই তার এই নিয়োগ কার্যকর হয়েছে।
বিচারপতি হাবিবুল গনি ২০১১ সাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার আপিল বিভাগে নিয়োগ পাওয়ার মাধ্যমে তার বিচারিক দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো।
তার নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।