প্রতারণার মামলায় জামিন পেয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। তাঁর আইনজীবী জানিয়েছেন, জামিন পাওয়ায় এখন তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
গুলশান থানায় করা ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় আদালতের দেওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলাটিতে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের জামিন আদেশের পর বিদিশার আইনজীবী জানান, তাঁর মুক্তির ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।