ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার প্রতি উৎসাহিত করা প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তরুণদের মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হতে পারে। একই সঙ্গে তারা দেশ ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সমাজের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বক্তব্য দেন।