আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ। দেশের হয়ে সম্ভাব্য সব অর্জন পূর্ণ করে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। ক্যারিয়ারের শেষ সময়ে মেসিকে আর আর্জেন্টিনায় ফিরে না এসে যুক্তরাষ্ট্রেই থাকার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার হুয়ান রোমান রিকেলমে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ভূয়সী প্রশংসা করেন রিকেলমে। তাঁর মতে, মেসি নিজের পাশাপাশি পুরো আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণ করেছেন। তাই এখন মেসির কাছ থেকে আর কিছু চাওয়ার নেই; বরং তাঁকে নিজের মতো করে জীবন উপভোগ করার সুযোগ দেওয়া উচিত।
রিকেলমে বলেন, ‘আমাদের উচিত মেসিকে আরও বেশি ধন্যবাদ জানানো। ও যা করেছে, এরপর আমরা মেসির কাছে আর কী চাইতে পারি? মেসি নিজের স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে।’
জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় সাফল্য না পেলেও মেসি যেভাবে লড়াই করে গেছেন, সেটিও স্মরণ করেন রিকেলমে। তাঁর মতে, মেসির প্রতি আর্জেন্টাইনদের যে ভালোবাসা ও কৃতজ্ঞতা, তা সম্পূর্ণ প্রাপ্য।
রিকেলমের ভাষায়, মেসি শুরুতে অনেক সংগ্রাম করেছেন এবং বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপসহ সবকিছু অর্জন করেছেন। তাই এখন তাঁকে চাপমুক্তভাবে ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত।
মেসির সঙ্গে রিকেলমের সম্পর্কও দীর্ঘদিনের। জাতীয় দলে একসঙ্গে খেলার পাশাপাশি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনার পদক জিতেছেন দুজন। ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি। মেসির আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন রিকেলমে।
মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে রিকেলমে বলেন, ‘আমি সব সময় মেসির সঙ্গে কথা বলি। আমাদের সম্পর্কটা দারুণ। মেসি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি।’
মেসির মতো খেলোয়াড় ভবিষ্যতে আর আসবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তাঁর মতে, দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর আর্জেন্টাইনরা ভেবেছিল, এমন একজন আর আসবেন না। কিন্তু এরপর মেসির আবির্ভাব হয়েছে।
রিকেলমে বলেন, ‘আমরা আর কখনো মেসির মতো খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার পর আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। এরপর এমন একজন এল, যিনি তাঁর মতোই ভালো, কিংবা আরও ভালো। আমরা আর্জেন্টাইনরা খুবই ভাগ্যবান।’
ক্যারিয়ারের শেষ দিকে মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। তবে রিকেলমে মনে করেন, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ফেরার চেয়ে যুক্তরাষ্ট্রেই মেসির থাকা ভালো।
তিনি বলেন, ‘এখন মেসিকে যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। আমরা আর্জেন্টাইনরা মেসিকে সব সময় অনেক ভালোবাসা ও স্নেহ দেব। আমাদের উচিত মেসিকে একা ছেড়ে দেওয়া। যত দিন মেসি খেলতে চায়, তাকে খেলতে দেওয়া উচিত। ওর জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো।’
রিকেলমের মতে, মেসি যতদিন খেলতে চান, ততদিন তাঁকে নিজের পছন্দমতো ফুটবল উপভোগ করার সুযোগ দেওয়া উচিত। আর আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা দূর থেকেই তাঁকে সমর্থন করে যাবেন।