লিওনেল মেসি নেই—তাহলে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে? মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর ফুটবলপ্রেমীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।
২০০৯ সালে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। এরপর প্রায় দুই দশক ধরে এই নম্বরটাই হয়ে উঠেছিল তার পরিচয়ের অন্যতম অংশ। বিশ্বকাপ, কোপা আমেরিকা—একাধিক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী এই জার্সি এখন নতুন উত্তরসূরির অপেক্ষায়।
মেসির অনুপস্থিতিতে অবশ্য সাম্প্রতিক ম্যাচগুলোতে কয়েকজনকে ১০ নম্বর জার্সি পরতে দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে এই জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ১০ নম্বর গায়ে খেলেছেন আনহেল কোরেয়া। চিলির বিপক্ষে এই জার্সি পরেছিলেন পাওলো দিবালা।
তবে তাদের কাউকেই এখন পর্যন্ত মেসির স্থায়ী উত্তরসূরি হিসেবে নিশ্চিত করা হয়নি। বরং জাতীয় দলে নিয়মিত থাকা আরও কয়েকজন তারকার নামও আলোচনায় রয়েছে।
ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরা খেলোয়াড়দের তালিকায় আছেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাকআলিস্টার ও নিকোলাস পাজ। এ ছাড়া রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসও বিভিন্ন সময়ে ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরেছেন।
তবে মেসির উত্তরসূরি হওয়া মোটেও সহজ নয়। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে এখন জড়িয়ে আছে বিশ্বকাপজয়ী এক কিংবদন্তির বিশাল উত্তরাধিকার। ফলে যেই এই জার্সি পরুন না কেন, তার ওপর থাকবে বাড়তি প্রত্যাশা।
আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ফিফা উইন্ডোতে মিলতে পারে এ প্রশ্নের প্রথম বড় উত্তর। মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বরের রাজা কে হন—এখন অপেক্ষা শুধু সেই ঘোষণার।