লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের খবর নতুন করে আলোচনায় আসতেই সামনে এসেছে তাঁর ‘প্রথম অবসর’-এর সেই আবেগঘন অধ্যায়। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তখন চিরপ্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সেটিই এখন ফের আলোচনায়।
২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি মিস করেন মেসি। হতাশা ও আবেগে ভেঙে পড়ে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
মেসির এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। তবে প্রতিদ্বন্দ্বীর কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন পর্তুগিজ তারকা রোনালদো।
তৎকালীন স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, মেসির সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন। তাই তাঁর মানসিক অবস্থাটা সবার বোঝা উচিত।
রোনালদোর ভাষায়, ‘কেবল একটা পেনাল্টি মিস করলেই কেউ খারাপ ফুটবলার হয়ে যায় না।’
মেসির হতাশার প্রসঙ্গ টেনে রোনালদো আরও বলেছিলেন, মেসি হারতে বা ব্যর্থ হতে অভ্যস্ত নন। এমনকি দ্বিতীয় হওয়াটাও তাঁর মানসিকতার সঙ্গে যায় না।
সেদিন মেসিকে চোখের জলে ভেঙে পড়তে দেখে কষ্ট পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন রোনালদো। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে আবার মাঠে ফেরার জন্য মেসিকে অনুরোধ করেছিলেন তিনি।
রোনালদো বলেছিলেন, মেসির জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত, কারণ আর্জেন্টিনার তাকে ভীষণ প্রয়োজন।
শেষ পর্যন্ত রোনালদোর সেই প্রত্যাশাই সত্যি হয়। অবসর ঘোষণার কিছুদিন পরই সিদ্ধান্ত বদলে আর্জেন্টিনা দলে ফেরেন মেসি।
এরপরের গল্পটা হয়ে ওঠে আরও গৌরবের। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজের অপূর্ণতা পূরণ করেন মেসি।
তাই ২০১৬ সালে রোনালদোর দেওয়া সেই বার্তা এখন মেসির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে ফিরে এসেছে। একসময় যে প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে রোনালদো বলেছিলেন, ‘আর্জেন্টিনার মেসিকে প্রয়োজন’, সেই মেসিই পরে দেশকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা।