এটা প্রশ্ন না পল্টনের বক্তৃতা, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে হট্টগোল

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নকে ‘পল্টনের

2026-08-27T19:09:42+00:00
2026-08-27T19:09:42+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
রাজনীতি
এটা প্রশ্ন না পল্টনের বক্তৃতা, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সংসদে হট্টগোল
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নকে ‘পল্টনের বক্তৃতা’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম।

অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, নৌকাবাইচ ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না এবং আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, তা জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটি একটি প্রশ্ন। আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটি আরেকটি প্রশ্ন।

হাসনাতের বক্তব্যে হত্যা ও আহতের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই পরিসংখ্যান কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে প্রশ্ন থাকলে সেটি উল্লেখ করতে হবে। প্রয়োজন হলে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সামাজিক চাহিদার ভিত্তিতে আলোচিত ও অনালোচিত অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে। তবে বিচার করার দায়িত্ব বিচার বিভাগের বলেও উল্লেখ করেন তিনি।

রামিসা হত্যা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘এখানে কোথায় কী ব্যর্থতা আছে, বলতে হবে। আইন রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, এগুলো বক্তব্যে চলে। এটা সংসদ। সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে।’

কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলে মনে হলে নোটিশ দেওয়ার আহ্বান জানান তিনি। এ ধরনের বিষয় সংসদে আলোচনা ও বিতর্কের সুযোগ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পল্টনের বক্তৃতা’ মন্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন। এতে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের মর্যাদা ও সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: