হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) পাঁচ কর্মদিবসব্যাপী ‘এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং’ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভসেক সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকরা পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, নিরাপত্তা তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোঃ আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট, ব্রিটিশ হাইকমিশন ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর মোঃ আসিফ ইকবাল বলেন, পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবিলায় এভিয়েশন সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি নিয়মিতভাবে উন্নত করা জরুরি।
তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রী চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন করার ওপর গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি রায়ান ডানকানসন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এভিয়েশন নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতেও বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ কর্মদিবসের ডিএফটি এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।