অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিসভার সর্বসম্মত অভিনন্দন প্রস্তাব অতিরিক্ত গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
২৩ আগস্ট প্রকাশিত ওই গেজেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। গত ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
সরকারের পক্ষ থেকে এই জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের একটি গৌরবময় ও অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নেয়। ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান তামিম করেন ১০১ রান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হাসান মাহমুদ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন এবং ম্যাচসেরার পুরস্কার পান। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজও ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গেজেটে বলা হয়, ম্যাচের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল। স্বাগতিক দলের অধিনায়ক প্যাট কামিন্সও বাংলাদেশের পারফরম্যান্সের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থান নিশ্চিত করে।
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই সাফল্য কেবল একটি ম্যাচের জয় নয়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতারও প্রতিফলন এই সাফল্য।
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে।