‘আমি এখন সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ’: রাষ্ট্রপতি

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ

2026-08-27T15:38:11+00:00
2026-08-27T15:38:11+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
‘আমি এখন সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ’: রাষ্ট্রপতি
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম 
আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রথম দরবারে কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত নিজের প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তার কোনো দলীয় পরিচয় নেই এবং তিনি দলনিরপেক্ষভাবেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। দেশের জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে তার লক্ষ্য।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

সরকারি ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের যথাযথ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনেও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী দেশ ও রাষ্ট্র গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান ও ত্যাগের কথাও স্মরণ করেন। তিনি দেশের সাবেক সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, তারা সবাই একই পরিবারের সদস্য। সুযোগ পেলেই নিজেদের সমস্যাগুলো আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।

ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: