সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হওয়ার আভাস পাওয়া

2026-08-26T16:32:31+00:00
2026-08-26T16:32:31+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম 
সংগৃহীত ছবি
আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হওয়ার আভাস পাওয়া গেছে। তবে অধিবেশন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ নিয়ে।

বিরোধী দলের সদস্যদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতি করার সুযোগ থাকলেও এবার তা অনিশ্চিত হয়ে পড়েছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ না থাকাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দাবি, জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিলেই এসব পদ দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে এমন অনানুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে ওই কমিটিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান নাহিদ ইসলাম।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি অবশ্য শর্ত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সংসদীয় কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের রেওয়াজ অনুসরণ করা হবে। জুলাই সনদ কার্যকর হওয়ার পর সেটি অনুযায়ী কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় আসবে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের প্রথম তিন অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে দুই অধিবেশনে ১৫টি কমিটি গঠন হয়েছে। বাকি ৩৫টি কমিটি তৃতীয় অধিবেশনেই গঠন করতে হবে।

জুলাই সনদের ২৪ নম্বর সুপারিশে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের অংশগ্রহণের কথা বলা হয়েছে। সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদ বিরোধী দলের সদস্যদের দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদও সংসদে আসনসংখ্যার অনুপাতে বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে নির্বাচনের কথা বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত গঠিত ১৫টি স্থায়ী কমিটির মধ্যে কেবল সরকারি হিসাব কমিটির সভাপতির পদ বিরোধী দল পেয়েছে।

সংক্ষিপ্ত হতে পারে অধিবেশন

বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করতে এর আগে দুপুর ২টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন আহ্বান করা হয়েছে।

জাতীয় ইস্যুতে সরব হবে বিরোধী দল

এদিকে তৃতীয় অধিবেশনে বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ে সংসদে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে বিরোধী দল।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, এসব বিষয়ে সংসদে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরবে বিরোধী দল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইনসহ কয়েকটি বিল এ অধিবেশনে উত্থাপিত হতে পারে। এর মধ্যে কয়েকটি বিল অধিবেশনেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপিদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: