পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ থেকে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে এ র্যালি বের করা হয়।
র্যালিতে প্রায় পাঁচ হাজার ছাত্র-শিক্ষক, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দীর্ঘ দুই সারিতে সাজানো র্যালিটি ছারছীনা দরবার শরীফ থেকে শুরু হয়ে স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠী বন্দর প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরীফের সামনে এসে শেষ হয়।
র্যালিতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাঃ রুহুল আমিন ছালেহী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাঃ সিরাজুম মুনির তাওহীদ, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়ার দ্বীনিয়ার মুদীর আলহাজ্ব মাওলানা মুহাঃ মাহমুদুল মুনীর হামিমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুহাঃ আব্দুল্লাহ আল আনাস, কেন্দ্রীয় সেক্রেটারি মুহাঃ মোহেব্বুল্লাহ ছালেহী এবং সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা দারুসসুন্নাত জামে মসজিদে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, হামদ-নাত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, মিলাদ, দোয়া ও মোনাজাত।
ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের দিন। এ উপলক্ষে প্রতিবছর ছারছীনা দরবার শরীফে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এসব আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, এবারের আনন্দ র্যালিতে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। জোহরের নামাজের পর দোয়া ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সেক্রেটারি মুহাঃ মোহেব্বুল্লাহ ছালেহী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা শরীফে ১২ দিনব্যাপী কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে মহানবী (সা.)-এর আগমনের দিন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজন রয়েছে।