
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা, নিষ্ঠা, যোগ্যতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে মো. সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
মহাপরিচালক আরও বলেন, আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিকায়ন ও উৎকর্ষ সাধনের মাধ্যমে বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে সাংগঠনিক দক্ষতা ও শৃঙ্খলা জোরদারে সাইফুল্লাহ রাসেল অবদান রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো. সাইফুল্লাহ রাসেল ১৮তম বিসিএসের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে বাহিনীর সাংগঠনিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।
পদোন্নতি ও সংবর্ধনা অনুষ্ঠানটি মো. সাইফুল্লাহ রাসেলের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ ব্যবস্থায় আরও আধুনিক ও কার্যকর পরিবর্তন আসবে এবং বাহিনীর পেশাদার সক্ষমতা আরও শক্তিশালী হবে।