আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে প্রমাণভিত্তিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাদক প্রতিরোধের মাধ্যমে তরুণদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে অনলাইনে এ আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ‘প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ’ শীর্ষক ওয়েবিনারে মাদক ব্যবহার প্রতিরোধে আধুনিক ও বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ওয়েবিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ইকবাল মাসুদ বলেন, তরুণদের জীবন বাস্তবতা ভিন্ন হলেও সুস্থ ও সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা সবার অভিন্ন। মাদক তরুণদের সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় বিজ্ঞান ও প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ ব্যবস্থা বেশি কার্যকর। তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।
আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল বলেন, তরুণদের জন্য মাদক প্রতিরোধে কাজ করার পাশাপাশি তাদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। কারণ আজকের তরুণরাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে।
সেমিনারে আন্তর্জাতিক পরিসর থেকে বক্তব্য দেন আইসাপের ন্যাশনাল চ্যাপ্টারস কো-অর্ডিনেটর ওলহা মিশাকিভস্কা, সায়েন্টিফিক সাপোর্ট কো-অর্ডিনেটর রাশা আবি হানা এবং ওয়ার্ল্ড ফেডারেশন এগেইনস্ট ড্রাগসের সেক্রেটারি জেনারেল ক্রেসিডা ডি উইট। বাংলাদেশ থেকে বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সদস্য এ এফ এম সাদমান সাকিব।
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় ওয়েবিনারে দেশ-বিদেশের বিভিন্ন ইয়ুথ ফোরামের যুব প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় তরুণদের জন্য সুস্থ, মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।