প্রায় ৭৫ বছর পর আবারও বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। আগামী ২ আগস্ট ২০২৭ দেশটির আকাশে দেখা যাবে একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি। এ সময় প্রায় ছয় মিনিটের জন্য দিনের আলো পুরোপুরি ঢেকে গিয়ে চারপাশে নেমে আসবে রাতের মতো অন্ধকার।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করে ফেলবে। ফলে দিনের আকাশে তারা দেখা যাবে, সূর্যের বাইরের উজ্জ্বল আবরণ বা করোনা দৃশ্যমান হবে এবং তাপমাত্রাও সাময়িকভাবে কিছুটা কমে যেতে পারে।
সৌদি মহাকাশ সংস্থা জানিয়েছে, দেশটির ওপর দিয়ে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ অতিক্রম করেছিল ৭৫ বছরেরও বেশি আগে। এ কারণে আসন্ন এ ঘটনাকে শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পূর্ণ সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ মাঝখানে থেকে সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয়। যদিও চাঁদ সূর্যের তুলনায় প্রায় ৪০০ গুণ ছোট, তবে পৃথিবীর অনেক বেশি কাছে থাকায় আকাশে দুটি বস্তুর দৃশ্যমান আকার প্রায় সমান মনে হয়। এই বিরল কাকতালীয় অবস্থানের কারণেই পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়।
বিজ্ঞানীরা জানান, চাঁদের ছায়া পৃথিবীর ওপর একটি সরু পথ তৈরি করে, যাকে পূর্ণ গ্রহণের পথ বলা হয়। এই পথের ভেতরে থাকা এলাকাগুলো থেকেই কেবল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। পৃথিবীর কোথাও না কোথাও গড়ে প্রতি ১৮ মাসে একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটলেও একই স্থানে এমন দৃশ্য ফিরে আসতে কয়েক দশক থেকে শতাব্দী পর্যন্ত সময় লেগে যেতে পারে।
২০২৭ সালের এই সূর্যগ্রহণের ছায়াপথ প্রথমে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে অগ্রসর হবে। এরপর উত্তর আফ্রিকা, মিসর ও লোহিত সাগর পেরিয়ে সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ভারত মহাসাগরের দিকে চলে যাবে। গ্রহণপথের নিচে অবস্থান করায় সৌদি আরবের বাসিন্দারা বিরল এই মহাজাগতিক দৃশ্য সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।