
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আনসার-ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এম. রশিদুজ্জামান মিল্লাত।
সাক্ষাৎকালে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়।
মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা, যাত্রীসেবা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন এবং এ-সংক্রান্ত সমন্বয় ও প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।