
শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব অবকাঠামোর উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। নবনির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা না গেলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে ধারণ করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক ও মানসম্মত উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নবনির্মিত অফিস ভবন ও অফিসার্স আবাসন এসব কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।