
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন ৮ তলা ভবনের ৭ তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়।
নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন।
ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার কেউ কাজে যায়নি। তবে সবুরা ওই বাড়িতে মালিকের ব্যক্তিগত কাজ করতেন। তাই তিনি সেদিন কাজে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় সবুরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী রফিক জানান, তিনি সুব্রত নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে কাজ করতেন। প্রতিদিনের মতো রোববারও সকালে ওই বাড়িতে কাজ করতে যান। পরে দুপুরে বাসায় খেতে এসে আবার ওই বাড়িতে কাজ করতে যান। সন্ধ্যায় এক শ্রমিক ফোন করে জানান, তাঁর স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লিফট স্থাপনের জন্য ভবনের মালিক জায়গা ফাঁকা রেখেছিলেন। ওই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।