মাঠের উত্তেজনার জেরে এবার আর্থিক শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টাইন তারকা। একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি মেসিকে জরিমানা করেছে।
বৃহস্পতিবারের ম্যাচে ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েন আর্জেন্টাইন তারকা।
ঘটনাটি অবশ্য ম্যাচের একেবারে শেষ মুহূর্তের উত্তেজনার অংশ ছিল। এর আগে মায়ামির আরেক খেলোয়াড় ইয়ান ফ্রে ও সুলিভানের মধ্যেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
পেনাল্টি বক্সে বল নিয়ে ড্রিবল করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান সুলিভান। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে জটলা তৈরি হলে ফ্রে সুলিভানের ঘাড় চেপে ধরেন। পরে উঠে ফ্রেকে কড়া ট্যাকল করেন সুলিভান। এই ঘটনায় ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।
ম্যাচের উত্তেজনা গড়ায় সাইডলাইনেও। অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান। পরে স্বাধীন রিভিউ প্যানেলের সিদ্ধান্তে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এমএলএস।
অন্যদিকে, ম্যাচটি মেসির জন্য ব্যক্তিগতভাবেও ছিল আবেগের। বাবার মৃত্যুর পর এটিই ছিল তাঁর প্রথম গোল। দলের প্রথম গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি জয় পায়নি; ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।